মাদারীপুরে শর্ত ভেঙে মাটি কাটার অভিযোগ বিএনপির ২ নেতার বিরুদ্ধে
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৮:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
মাদারীপুরের শিবচরে সরকারি বালু নিলামের শর্ত লঙ্ঘন করে অতিরিক্ত বালু ও মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির দুই স্থানীয় নেতার বিরুদ্ধে। এতে গুরুত্বপূর্ণ নয়াবাজার সেতুটির স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। অবৈধ এই কর্মকাণ্ডের প্রতিবাদ জানালে উল্টো ভয়ভীতি ও মারধরের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি এলাকাবাসীর।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, আড়িয়াল খাঁ নদ সংলগ্ন এলাকায় ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা প্রকল্পের অধীনে শিবচরের নয়াবাজারসহ একাধিক স্থানে উত্তোলিত বালু বিক্রির সিদ্ধান্ত হয়। জেলা ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা মনিটরিং কমিটির তত্ত্বাবধানে ১ কোটি ৭৫ লাখ ৮৩ হাজার ৪৫৬ ঘনফুট বালু নিলাম আহ্বান করা হয়, যার চুক্তিমূল্য ছিল ১ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার টাকা। চুক্তি অনুযায়ী ৯০ দিনের মধ্যে এই কার্য সম্পন্ন করার বাধ্যবাধকতা ছিল।
নিলামের সুস্পষ্ট নীতিমালায় উল্লেখ ছিল, নয়াবাজার সেতুর স্থায়ী সুরক্ষার তাগিদে সেতুর দক্ষিণ দিকে ৩০০ মিটারের মধ্যে কোনোরূপ বালু তোলা যাবে না। তবে সরেজমিনে দেখা গেছে, সেই শর্ত তোয়াক্কা না করেই সেতুর অতি নিকট থেকে দিন-রাতে প্রকাশ্যে ও গোপনে বিপুল পরিমাণ অতিরিক্ত বালু ও সরকারি মাটি কেটে নেওয়া হয়েছে। এতে মাটির স্থিতিশীলতা নষ্ট হয়ে গুরুত্বপূর্ণ সেতুটি ধসে পড়ার ঝুঁকিতে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগের তির শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আবু জাফর চৌধুরী এবং বর্তমান আহ্বায়ক শাহাদাত হোসেনের দিকে। স্থানীয় অধিবাসীদের দাবি, রাজনৈতিক প্রভাবশালী পরিচয় ব্যবহার করে সরকারি সম্পত্তি লুট করা হচ্ছে। এ বিষয়ে কেউ কথা বলতে গেলে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর পাশাপাশি মারধরের হুমকি দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে আবু জাফর চৌধুরী বলেন, আমরা যখন নিলামের বালু কিনি, তখন কোনো শর্ত ছিল না। পরবর্তীতে নোটিশের মাধ্যমে শর্ত দেওয়া হয়েছে, যার বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে রিট করব। অন্যদিকে, অভিযুক্ত অপর নেতা শাহাদাত হোসেন ভুল স্বীকার করে বলেন, বিষয়টি আমাদের ভুল হয়েছে। কেটে নেওয়া মাটি প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষে পুনঃভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি।
মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আবু সাদাত মো. হাসান কবির জানান, এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার মূল এখতিয়ার জেলা প্রশাসনের গঠিত মনিটরিং কমিটির। অন্যদিকে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান জানান, খবর পেয়ে সরেজমিন তদন্ত চালিয়ে সংশ্লিষ্ট কমিটিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে অবহিত করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে জেলা প্রশাসক মর্জিনা আক্তারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
১০৫ বার পড়া হয়েছে