সর্বশেষ

পর্যটন

সেন্ট মার্টিনে পর্যটক কম, গত ৫ দিনে গেছে মাত্র কয়েক হাজার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
স্টাফ রিপোর্টার, কক্সবাজার

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৯:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পর্যটকদের জন্য উন্মুক্ত হওয়ার পরও কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে আশানুরূপ পর্যটকের সমাগম ঘটেনি। মৌসুমের প্রথম পাঁচ দিনে তিনটি জাহাজে করে মাত্র ৪ হাজার ৩৯১ জন পর্যটক দ্বীপটিতে ভ্রমণ করেছেন। দীর্ঘ নৌযাত্রা, অতিরিক্ত ভাড়া ও যাতায়াতের সীমাবদ্ধতাকে পর্যটক কম আসার অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

দেশের সর্বদক্ষিণে অবস্থিত কক্সবাজারের টেকনাফের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন গত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে অনুমোদনসংক্রান্ত জটিলতা পেরিয়ে কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল শুরু হয় ৫ নভেম্বর।

এই রুটে চলাচলের অনুমতি পেয়েছে তিনটি জাহাজ—এমভি বারো আউলিয়া, এমভি টেকনাফ ও এমভি কর্ণফুলী। গত সোমবার (৯ নভেম্বর) পর্যন্ত পাঁচ দিনে এসব জাহাজে করে ট্রাভেল পাস নিয়ে মোট ৪ হাজার ৩৯১ জন পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করেছেন।

এর মধ্যে সবচেয়ে বেশি ২ হাজার ১৪৯ জন পর্যটক পরিবহন করেছে এমভি বারো আউলিয়া। এমভি টেকনাফে গেছেন ১ হাজার ২২৩ জন এবং এমভি কর্ণফুলীতে গেছেন ১ হাজার ১৯ জন।

তিনটি জাহাজের দৈনিক মোট যাত্রী ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন। অন্যদিকে, এবারের মৌসুমে প্রতিদিন সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক দ্বীপটিতে যাওয়ার অনুমতি রয়েছে। সে হিসাবে প্রথম পাঁচ দিনে ১৭ হাজার ৫০০ জন পর্যটকের ভ্রমণের সুযোগ থাকলেও গেছেন মাত্র ২৫ শতাংশ।

জোয়ার-ভাটার ওপর নির্ভর করে প্রতিদিন সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে পর্যটকবাহী জাহাজ ছেড়ে যায়। প্রায় ৯৫ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে দ্বীপে পৌঁছাতে সময় লাগে ছয় থেকে সাত ঘণ্টা।

দীর্ঘ এই যাত্রাকে অস্বস্তিকর ও কষ্টকর মনে করছেন অনেক পর্যটক। সোমবার (৯ নভেম্বর) বিকেলে এমভি টেকনাফে করে সেন্ট মার্টিনে আসা ঢাকার বাসিন্দা কামরুল হোসাইন বলেন, এত দীর্ঘ সময় জাহাজে ভ্রমণ করা বিরক্তিকর। জাহাজ ছাড়ার পর প্রথম এক ঘণ্টা ভালো লাগলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে বিরক্তি তৈরি হয়। সাত বছর আগে টেকনাফ থেকে মাত্র দুই ঘণ্টায় সেন্ট মার্টিন এসেছিলেন তিনি। তখন ভ্রমণে এমন অস্বস্তি হয়নি।

জাহাজের ভাড়া নিয়েও অসন্তুষ্টি জানিয়েছেন পর্যটকেরা। রাজবাড়ীর বাসিন্দা মোমেনুল হাকিম বলেন, সেন্ট মার্টিন তাঁর পছন্দের জায়গা। তাই পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে ঘুরতে এসেছেন। যাওয়া-আসার ফিরতি টিকিট কিনতে জনপ্রতি ৫ হাজার টাকা খরচ হয়েছে। তাঁর মতে, ভাড়া কিছুটা কমানো হলে মধ্যবিত্ত পরিবারের জন্য দ্বীপটি ভ্রমণ সহজ হবে।

বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে কক্সবাজার থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হলেও সেন্ট মার্টিনের স্থানীয় বাসিন্দারা মনে করছেন, টেকনাফ কিংবা ইনানী থেকে জাহাজ চলাচল শুরু হলে পর্যটকের সংখ্যা বাড়বে। পাশাপাশি যাত্রাও তুলনামূলক স্বস্তিদায়ক হবে।

দ্বীপের ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, আগে টেকনাফ থেকে জাহাজ চলাচলের সময় সেন্ট মার্টিনে ভালো সংখ্যক পর্যটক আসতেন। আবার টেকনাফ-সেন্ট মার্টিন রুট চালু করা হলে পর্যটক ও স্থানীয় বাসিন্দা—উভয় পক্ষই উপকৃত হবে।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, জাহাজের কর্মীদের বেতন, সরকারের ভ্যাট ও করসহ বিভিন্ন খরচ বিবেচনায় নিয়ে ভাড়া নির্ধারণ করা হয়। তবে পর্যটকদের বিষয়টি বিবেচনায় রেখে ভাড়া কমানোর চিন্তাভাবনা চলছে। ইতিমধ্যে সাশ্রয়ী মূল্যে স্ট্যান্ডিং টিকিটও চালু হয়েছে।

মাত্র ৮ বর্গকিলোমিটার আয়তনের সেন্ট মার্টিন দ্বীপে গড়ে উঠেছে প্রায় আড়াই শতাধিক হোটেল ও রিসোর্ট। এসব প্রতিষ্ঠানে এক রাতে একসঙ্গে প্রায় ৫ হাজার পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে।

মৌসুম শুরু হলেও এখনো দ্বীপে পর্যটকের উপস্থিতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। অধিকাংশ হোটেল-রিসোর্ট প্রস্তুত থাকলেও কিছু প্রতিষ্ঠানে সংস্কার ও সাজসজ্জার কাজ চলতে দেখা গেছে।

দ্বীপের গলাচিপা এলাকায় অবস্থিত কিংশুক ইকো রিসোর্টের পরিচালক সরোয়ার কামাল বলেন, পর্যটকদের সর্বোচ্চ সেবা দিতে তাঁদের রিসোর্ট নতুন করে সাজানো হয়েছে। সেখানে সার্বক্ষণিক বিদ্যুৎ, খাবারসহ বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। এবার ভালো সংখ্যক পর্যটক আসবেন বলে তাঁরা আশা করছেন।

সেন্ট মার্টিন হোটেল রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ রহিম জিহাদী বলেন, দ্বীপে এক রাতে প্রায় ৫ হাজার পর্যটকের থাকার সক্ষমতা রয়েছে। মৌসুমের শুরুতে পর্যটকের সংখ্যা কম থাকলেও ডিসেম্বরের দিকে প্রায় সব হোটেল-রিসোর্টের অগ্রিম বুকিং হয়ে গেছে। ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকের সংখ্যা বাড়বে বলে তাঁরা আশা করছেন।

সরকারের নির্দেশনা অনুযায়ী, গত ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটকেরা যাতায়াত করতে পারবেন। এ সময়ে দ্বীপে ভ্রমণের পাশাপাশি রাত্রিযাপনেরও সুযোগ রয়েছে।

তবে পর্যটকদের জন্য কয়েকটি শর্ত বাধ্যতামূলক করা হয়েছে। প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে। পাশাপাশি দ্বীপে যাওয়ার জন্য ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট সংগ্রহ করতে হবে।

এসব ব্যবস্থার মাধ্যমে দ্বীপে পর্যটকের সংখ্যা নিয়ন্ত্রণ, তাঁদের পরিচয় ও যাতায়াতের তথ্য সংরক্ষণ এবং পরিবেশ সংরক্ষণ কার্যক্রম জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে।

পর্যটকদের জন্য দ্বীপটি উন্মুক্ত করা হলেও সেন্ট মার্টিনের ভঙ্গুর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বেশ কিছু বিধিনিষেধ বহাল রয়েছে। বিশেষ করে রাতের বেলায় পর্যটকদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, রাতে সমুদ্রসৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টির আয়োজন করা যাবে না। এ ছাড়া কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও কেনাবেচাও নিষিদ্ধ।

সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। একই সঙ্গে সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস ও শৈবালসহ দ্বীপের কোনো প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
পর্যটন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০