সর্বশেষ

জাতীয়

নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের প্রশাসনিক কাঠামোতে নতুন করে দুটি থানা ও দুটি পৌরসভা যুক্ত হচ্ছে। এ ছাড়া একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের অনুমোদন দিয়েছে সরকার। সোমবার (১৬ নভেম্বর) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুমোদন অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানা বিভক্ত করে নতুন মাতামুহুরী থানা স্থাপন করা হবে। মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় থানাটি স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।

অন্যদিকে, বগুড়ার শিবগঞ্জ থানা বিভক্ত করে নবগঠিত মোকামতলা উপজেলায় নতুন মোকামতলা থানা স্থাপন করা হবে।

এ ছাড়া বগুড়ার মোকামতলা উপজেলা এবং সিলেটের জৈন্তাপুর উপজেলায় পৃথক দুটি পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সঙ্গে সামঞ্জস্য রেখে পাগলা থানার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে থানাটির নাম হবে দক্ষিণ গফরগাঁও থানা।

সভায় লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের অবস্থানও চূড়ান্ত করা হয়েছে। আগে মটবী ও চরচামিতা মৌজায় সদর দপ্তর স্থাপনের প্রস্তাব থাকলেও তা পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় উপজেলা সদর দপ্তর স্থাপন করা হবে।

একইভাবে কুমিল্লার নবগঠিত বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থানও পরিবর্তন করা হয়েছে। আগে খামারগ্রাম মৌজায় সদর দপ্তর স্থাপনের প্রস্তাব থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় এটি স্থাপন করা হবে।

নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে, পৌরসভা গঠন এবং উপজেলা সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাব দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

সরকারের এসব সিদ্ধান্তের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকাগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

১৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০