বেইলি রোডে শুরু হলো তিন দিনব্যাপী পাহাড়ি ফল মেলা, অংশ নিচ্ছে ৩০ স্টল
শনিবার, ২৭ জুন, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিনব্যাপী পাহাড়ি ফল মেলা। ‘পাহাড়ি ফলের ঘ্রাণ, বৈচিত্র্যময় প্রাণ’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় তিন পার্বত্য জেলার উৎপাদিত অর্গানিক ও মৌসুমি ফল প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।
শনিবার (২৭ জুন) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-সংসদীয় আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মার্মা।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি—এই তিন পার্বত্য জেলার মোট ৩০টি স্টল মেলায় অংশ নিয়েছে। স্টলগুলোতে আম, আনারস, কাঁঠাল, কলার পাশাপাশি রক্তফল (রসকো), রাম্বুটান ও বুনো বেলের মতো বিরল পাহাড়ি ফল পাওয়া যাচ্ছে।
ফল প্রদর্শন ও বিক্রির পাশাপাশি মেলায় রাখা হয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী হস্তশিল্প, কোমর তাঁতের বস্ত্র এবং সংস্কৃতি ও জীবনযাত্রা তুলে ধরার ব্যবস্থা। আয়োজকদের মতে, এটি শুধু একটি ফল মেলা নয়; বরং পার্বত্য অঞ্চলের কৃষকদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ ও ভোক্তা-উৎপাদক সংযোগ তৈরির একটি উদ্যোগ।
মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় তিন পার্বত্য জেলার বিভিন্ন নৃ-গোষ্ঠীর শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দর্শনার্থীদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেলা চলবে আগামী সোমবার পর্যন্ত।
১২২ বার পড়া হয়েছে