বগুড়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র্যালি, আলোচনা সভা ও মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
‘বিশ্ব মাদক সমস্যা: দীর্ঘস্থায়ী সমস্যা, নতুন চ্যালেঞ্জ, উদ্ভাবনী প্রতিক্রিয়া’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলা থেকে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম), জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির এবং সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোহা. জিললুর রহমান।
বক্তারা বলেন, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার প্রতিরোধে শুধু আইন প্রয়োগকারী সংস্থার উদ্যোগই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তারা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
১৩৭ বার পড়া হয়েছে