দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ইউপিডিএফ-এর ৪ নেতা বহিষ্কার
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ৩:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গণতান্ত্রিক)-এর চার নেতাকে সংগঠনের সব ধরনের কার্যক্রম ও সাংগঠনিক দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার বিকেলে বান্দরবানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানায় দলটি।
দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গণতান্ত্রিক)-এর চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেলে বান্দরবানের উজানীপাড়ায় অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক মংশৈ প্রু ত্রিপুরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সভাপতি উবামং মারমা, সহসভাপতি তনদির বমরাম তনসাং বম (মালেক) এবং সমন্বয়ক আশিষ ত্রিপুরা।
লিখিত ঘোষণায় জানানো হয়, দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অটল চাকমা, মংএ মারমা, অনুপম চাকমা (অনু) এবং জীবন ত্রিপুরাকে সংগঠনের সব কার্যক্রম ও সাংগঠনিক দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
ঘোষণাপত্রে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তিরা যদি ভবিষ্যতে দলের নাম বা পরিচয় ব্যবহার করে কোনো ধরনের অপরাধমূলক বা উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত হন, তাহলে তার দায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) বহন করবে না।
দলীয় সূত্রে জানা গেছে, বান্দরবান জেলা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংগঠনের আদর্শ, নীতি ও সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার বিষয়ে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করা হয়।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ইউপিডিএফ (গণতান্ত্রিক) সব সময় শৃঙ্খলাভঙ্গের বিষয়ে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করে। একই সঙ্গে বহিষ্কৃতদের দলীয় নাম-পরিচয় ব্যবহার করে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা না করার নির্দেশনা দেওয়া হয়েছে। সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীদের গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা মেনে চলার আহ্বানও জানানো হয়।
১৫২ বার পড়া হয়েছে