জটিল রোগীদের এককালীন অনুদান বাড়িয়ে ১ লাখ টাকা করার সিদ্ধান্ত
বুধবার, ২৪ জুন, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ক্যান্সার, কিডনি বিকল, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়াসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এককালীন আর্থিক সহায়তা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রুত সময়ের মধ্যে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
জটিল রোগে আক্রান্ত অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তা বাড়াতে এককালীন অনুদানের পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে সমাজসেবা অধিদপ্তরের আওতায় এ ধরনের রোগীরা আবেদন করে ৫০ হাজার টাকা করে অনুদান পাচ্ছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ সহায়তার পরিমাণ বাড়িয়ে ১ লাখ টাকা করা হবে।
বুধবার সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সামাজিক নিরাপত্তা সেবা উৎসবে এ তথ্য জানান চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. শহিদুল ইসলাম।
তিনি বলেন, বর্তমানে জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের দেওয়া ৫০ হাজার টাকার অনুদান চিকিৎসা ব্যয়ের তুলনায় অনেক ক্ষেত্রে অপ্রতুল। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার অনুদানের পরিমাণ ১ লাখ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং শিগগিরই তা কার্যকর করা হবে।
মো. শহিদুল ইসলাম আরও বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব সেবা আরও সহজ, স্বচ্ছ ও কার্যকরভাবে মানুষের কাছে পৌঁছে দিতে সমাজসেবা অধিদপ্তর কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিলটন মুহুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সমাজসেবা কর্মকর্তা শফিকুর রহমান, সত্যজিৎ মজুমদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও উপকারভোগীরা।
১২৩ বার পড়া হয়েছে