অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে পাবনায় যুবদলের প্রতিবাদ মিছিল
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে পাবনায় তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। মঙ্গলবার দুপুরে শহরের প্রধান সড়কগুলোতে এই মিছিল শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা রাজনৈতিক অঙ্গনকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
দলীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে শহরের বাংলাদেশ ঈদগাহ মাঠের সামনে থেকে যুবদলের এই প্রতিবাদ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে জেলা যুবদলের আয়োজনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য প্রদানকালে জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা বলেন, একটি বিশেষ মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে দেশের শান্ত রাজনৈতিক পরিবেশকে বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এই ধরনের অপতৎপরতা রুখে দিতে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সর্বদা সতর্ক থাকতে হবে।
জেলা যুবদলের সদস্য সচিব মনির আহম্মেদ তার বক্তব্যে বলেন, যেকোনো ধরনের শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ড গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ। তাই সুস্থ ও শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চা বজায় রাখার পাশাপাশি দলের সাংগঠনিক ভিত্তিকে আরও মজবুত করতে ঐক্যবদ্ধ কাজের কোনো বিকল্প নেই।
সমাবেশে জেলা, থানা এবং পৌর যুবদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তৃণমূলের এই কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন এবং দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
১২২ বার পড়া হয়েছে