‘কালো হাত বাড়ালে ভেঙে দেওয়া হবে’: খুলনায় ডা. শফিকুর রহমান
রবিবার, ২১ জুন, ২০২৬ ১:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনায় ১১ দলীয় ঐক্যের এক বিশাল বিভাগীয় সমাবেশে সীমান্ত উত্তেজনা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। প্রতিবেশী দেশের নানা উস্কানিমূলক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে তিনি দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সাথে দেশের মানচিত্র ও মর্যাদা রক্ষায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালনের ডাক দেন জামায়াত আমীর।
খুলনা সার্কিট হাউস ময়দানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, সীমান্তে প্রতিনিয়ত উস্কানি দেওয়া হচ্ছে। প্রতিবেশী দেশ অত্যন্ত সুক্ষ্মভাবে তাদের নাগরিকদের আমাদের দেশের ভূখণ্ডে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, যা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আমাদের জন্য উদ্বেগজনক। তিনি এ বিষয়ে সরকারকে সর্বোচ্চ সজাগ ও সতর্ক থাকার তাগিদ দেন।
সীমান্ত রক্ষা বাহিনীর প্রশংসা করে জামায়াত আমীর বলেন, আমাদের বিজিবি যখন সীমান্তে শক্ত হয়ে দাঁড়ায়, তখন তারা গোটা দেশের জন্য পরম শক্তির উৎস হয়ে ওঠে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর কেউ চোখ রাঙালে আল্লাহর ওপর ভরসা করে সেই কালো হাত ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
জনদুর্ভোগ নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং পূর্ববর্তী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এই মহাসমাবেশের আয়োজন করা হয়। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এলডিপি সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।
তরুণ সমাজকে দিকনির্দেশনা দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আগামী দিনের যে কোনো বিপ্লব কোনো নির্দিষ্ট ব্যক্তিস্বার্থ বা একক দলের ক্ষমতার জন্য নয়, বরং আধিপত্যবাদের হাত থেকে দেশকে মুক্ত করে মাথা উঁচু করে দাঁড়ানোর লড়াই। অন্যায়, দুর্নীতি, এবং চাটুকারিতার বিরুদ্ধে সবাইকে বয়স ও ভেদাভেদ ভুলে এক হয়ে লড়াই করতে হবে।
নির্বাচনী রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে গৃহযুদ্ধ বা বিশৃঙ্খলা এড়াতে অতীতে অনেক বড় বড় আঘাত সহ্য করা হয়েছে, কিন্তু এটাকে কেউ দুর্বলতা ভাবলে ভুল করবে। যদি কোনো ফয়সালা সংসদে না হয়, তবে পল্টন বা দেশের অন্যান্য বিভাগীয় শহরের মাঠ থেকে গণজাগরণ তৈরি করে দাবি আদায় করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
১৩১ বার পড়া হয়েছে