পাবনায় অস্ত্র ও ইয়াবাসহ যুবক গ্রেফতার, র্যাবের সফল অভিযান
শনিবার, ২০ জুন, ২০২৬ ৯:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনার আতাইকুলায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় বন্দুক, কার্তুজ ও ইয়াবা ট্যাবলেটসহ রাসেল আহম্মেদ নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১২। শুক্রবার দিবাগত গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তির বিরুদ্ধে আতাইকুলা থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১২, পাবনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাবনার আতাইকুলা থানার ধর্মগ্রাম ভিটি পাড়ায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার ওয়াহিদুজ্জামান, (এস) বিএন।
অভিযান চলাকালে সন্দেহভাজন রাসেল আহম্মেদ (৩২) নামের এক যুবককে আটক করা হয়। ধৃত রাসেল ওই এলাকার মৃত হোসেন আলীর ছেলে। পরবর্তী সময়ে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ এবং ৯২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন র্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক ও অবৈধ অস্ত্র রাখার অপরাধে আতাইকুলা থানায় মামলা দায়ের করা হয়েছে। পাবনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাবের এই ধরনের জোরালো অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
১১৯ বার পড়া হয়েছে