প্রশিকার নতুন সভাপতি হলেন ঢাবির অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী
শনিবার, ২০ জুন, ২০২৬ ৫:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের ৪৮তম বার্ষিক সাধারণ সভায় আগামী তিন বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ও ট্রেজারার ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী। মানিকগঞ্জের সাটুরিয়ায় অনুষ্ঠিত এই বার্ষিক সভায় উন্নয়ন সংস্থাটির নতুন কার্যনির্বাহী কমিটিও গঠন করা হয়েছে।
প্রশিকার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী মিজানুর রহমান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটি গঠনের তথ্য নিশ্চিত করা হয়েছে। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৈট্টা এলাকায় অবস্থিত প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদে ড. মোহাম্মদ শহীদ উজ জামান ও মো. নুরুল ইসলাম তুহিন এবং কোষাধ্যক্ষ পদে রফিকা আক্তার নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রেনুকা বিশ্বাস, মো. নাছির উদ্দিন, অ্যাডভিন বরুন ব্যানার্জী, মো. সালেহ বিন সামস ও মিফতা নাঈম হুদা।
এর আগে সকালে শান্তির পায়রা উড়িয়ে ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মূল অধিবেশনে বিগত অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাব, প্রশিকার সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরবর্তীতে অডিট রিপোর্ট অনুমোদন ও নতুন পরিচালনা পর্ষদ গঠনের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।
১০৪ বার পড়া হয়েছে