ডেপুটেশন প্রথা বাতিল, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ৪:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার মধ্য দিয়েই স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে হচ্ছে। তিনি জানান, ডেপুটেশন প্রথা বাতিল করা হয়েছে এবং জনগণের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে।
রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শন শেষে বুধবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে নানা ধরনের সমস্যা ও অরাজকতা তৈরি হয়েছিল। এসব সমস্যা দূর করে জনগণের জন্য কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার উদ্যোগ নিয়েছে।
মন্ত্রী জানান, ডেপুটেশন প্রথা বাতিল করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালগুলোতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, চিকিৎসাসেবার মান, কর্মচারীদের বেতনসহ বিভিন্ন বিষয় নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি বলেন, রাজবাড়ী সদর হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ, সুপেয় পানির ব্যবস্থা এবং ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নের বিষয়গুলো পর্যালোচনা করা হয়েছে। হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীদের সমন্বিতভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের জেলা ও উপজেলা পর্যায়ে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য সরকার কাজ করছে। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, দীর্ঘদিন প্রশিক্ষণ কার্যক্রমে ঘাটতি ছিল। সেই পরিস্থিতি কাটিয়ে স্বাস্থ্য খাতকে আরও কার্যকর ও জনমুখী করার চেষ্টা চলছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ, রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মো. আব্দুল হান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
১১৩ বার পড়া হয়েছে