কুড়িগ্রামে চর উন্নয়ন মন্ত্রণালয় গঠনসহ ১০ দফা দাবিতে পদযাত্রা ও সমাবেশ
বুধবার, ১৭ জুন, ২০২৬ ৯:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
চর বিষয়ক পৃথক মন্ত্রণালয় গঠন, নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং চরাঞ্চলের জন্য আলাদা বাজেট বরাদ্দসহ ১০ দফা দাবিতে কুড়িগ্রামে পদযাত্রা, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ। মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এ কর্মসূচি শেষ হয়।
বুধবার (১৭ জুন) সকালে কুড়িগ্রাম শহরের ঘোষপাড়াস্থ সিংহ চত্বর থেকে চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের উদ্যোগে একটি পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয় এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। বক্তব্য দেন সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফুল হক রুবেল, অধ্যাপক মোখলেছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, অধ্যাপক নাজমুন নাহার বিউটি, বিএম আবুল হোসেন, ইউসুফ হোসেন, অধ্যাপক গোলাম রসুল রাজা, ইয়াসিন আলী ও সাইফুল ইসলাম বাদলসহ অনেকে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, দেশের চরাঞ্চলের লাখো মানুষ এখনো উন্নয়নের মূলধারার বাইরে। নদীভাঙন, দারিদ্র্য ও অবকাঠামোগত পিছিয়ে পড়া পরিস্থিতি কাটাতে পৃথক চর বিষয়ক মন্ত্রণালয় গঠন জরুরি।
সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল বলেন, প্রতিবছর নদীভাঙনে হাজারো পরিবার বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছে। তাদের জন্য কার্যকর ক্ষতিপূরণ ও পুনর্বাসন ব্যবস্থা এখন সময়ের দাবি।
যুগ্ম সাধারণ সম্পাদক সাইয়েদ আহমেদ বাবু বলেন, জাতীয় বাজেটে চরাঞ্চলের জন্য আলাদা বরাদ্দ না থাকায় উন্নয়ন কার্যক্রম পিছিয়ে পড়ছে। তিনি নদীভাঙন ক্ষতিপূরণ ও পুনর্বাসন আইন প্রণয়নের দাবি জানান।
সমাবেশে চরাঞ্চল থেকে আসা মানুষজন অভিযোগ করেন, তারা এখনো বিশুদ্ধ পানি, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নিরাপদ যোগাযোগব্যবস্থা থেকে বঞ্চিত। নদীভাঙন তাদের জীবন ও জীবিকাকে বিপর্যস্ত করে তুলছে।
পরে স্মারকলিপিতে চর বিষয়ক মন্ত্রণালয় গঠন, পৃথক বাজেট বরাদ্দ, নদীভাঙন ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন, নদীশাসন প্রকল্প বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয়।
সমাবেশে শত শত চরবাসী অংশ নেন এবং দ্রুত দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।
১২৫ বার পড়া হয়েছে