নড়াইলে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ মিছিল
বুধবার, ১৭ জুন, ২০২৬ ৪:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে নড়াইলে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শতাধিক সমর্থকের অংশগ্রহণে শহরজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনাকে কেন্দ্র করে নড়াইলে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়।
শতাধিক আর্জেন্টিনা সমর্থক নীল-সাদা জার্সি গায়ে এবং হাতে পতাকা নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি। এ সময় সমর্থকদের স্লোগান, উল্লাস ও আনন্দে পুরো শহর মুখরিত হয়ে ওঠে। পথচারীরাও হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছা জানান, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
আয়োজক কমিটির সদস্য আবিদ খান বলেন, নড়াইলে আর্জেন্টিনা সমর্থকদের সংখ্যা বরাবরই বেশি। ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই এ আয়োজন করা হয়েছে, যা ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের অনুপ্রেরণা দেবে।
আরেক আয়োজক সদস্য অপু জানান, স্বল্প প্রস্তুতির মধ্যেও সবার সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। বিভিন্ন এলাকা থেকে সমর্থকদের অংশগ্রহণ প্রমাণ করে আর্জেন্টিনার প্রতি মানুষের ভালোবাসা ক্রমশ বাড়ছে।
সমর্থক আশিক বলেন, ফুটবলপ্রেমীদের একত্রিত করাই ছিল মূল উদ্দেশ্য। এত সমর্থকের উপস্থিতি দেখে তিনি আনন্দিত এবং এ ধরনের আয়োজন নিয়মিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
অন্য সমর্থক বকুল বিশ্বাস বলেন, খেলাধুলা মানুষকে ঐক্য ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে। এই শোভাযাত্রা শুধু একটি দলের সমর্থন নয়, বরং ফুটবলপ্রেমীদের মিলনমেলা।
এদিকে শহরের বিভিন্ন এলাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা উড়তে দেখা যায়। স্থানীয়দের মতে, নড়াইলে ফুটবল উন্মাদনায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের উপস্থিতিই সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়।
১১৫ বার পড়া হয়েছে