যমুনা সেতুর পশ্চিম পাড়ে ট্রাকচাপায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের কর্মকর্তা নিহত, চালক আটক
বুধবার, ১৭ জুন, ২০২৬ ৩:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম পাড় এলাকায় দায়িত্ব পালনকালে ট্রাকের চাপায় ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক (এটিএসআই) নুরুল ইসলাম নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাক ও এর চালককে আটক করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম পাড় এলাকায় ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত সহকারী উপপরিদর্শক (এটিএসআই) নুরুল ইসলাম সিরাজগঞ্জ সদর ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাফিক পরিদর্শক আসাদুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে যমুনা সেতুর পশ্চিম পাড়ের সয়দাবাদ রেলস্টেশনসংলগ্ন এলাকায় ঢাকাগামী একটি ট্রাক সামনে থাকা আরেকটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় ভিন্ন লেন ব্যবহার করে দ্রুতগতিতে এগিয়ে যাওয়ার সময় ট্রাকটি দায়িত্ব পালনরত এটিএসআই নুরুল ইসলামকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার সময় সেখানে থাকা ট্রাফিক পুলিশের অন্য সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘাতক ট্রাক ও এর চালককে আটক করেন। তবে প্রাথমিকভাবে চালকের পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় সহকর্মীকে হারিয়ে সিরাজগঞ্জ জেলা পুলিশের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১১৯ বার পড়া হয়েছে