লালমনিরহাটে শিশুর মরদেহ উদ্ধারের পর বিক্ষোভ, বাড়িতে আগুন ও গাড়ি ভাঙচুর
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ১০:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাত বছরের এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় পুলিশ সুপার, সাংবাদিকসহ অন্তত আটজন আহত হয়েছেন। পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করেছে।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামে সাত বছরের শিশু নন্দিনীর মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি ভুট্টাখেত থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর থেকে নন্দিনী নিখোঁজ ছিল। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মেলায় পরিবারের সদস্য ও স্থানীয়রা উদ্বেগে ছিলেন। পরদিন সকালে মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে প্রতিবেশী রঞ্জিত চন্দ্রের ছেলে বিধান চন্দ্রের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় বাড়িতে ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আগুন নেভায়।
পুলিশ সূত্রে জানা যায়, সন্দেহভাজন বিধান চন্দ্রকে আটক করে থানায় নেওয়ার সময় একদল স্থানীয় ব্যক্তি সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় পুলিশের গাড়িবহরে হামলা চালানো হয়। হামলাকারীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের গাড়িও ভাঙচুর করে বলে অভিযোগ রয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকেরা ভিডিও ধারণের চেষ্টা করলে তাঁদের ওপরও হামলার ঘটনা ঘটে। এতে পুলিশ সুপার, কয়েকজন সাংবাদিকসহ অন্তত আটজন আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে জনতাকে ছত্রভঙ্গ করে। পরে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, স্থানীয়রা পুলিশি কার্যক্রমে বাধা সৃষ্টি করছিলেন। আটক ব্যক্তিকে থানায় নেওয়ার সময় সরকারি যানবাহনের ওপর হামলা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সরকারি সম্পদ রক্ষায় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান জানিয়েছেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে।
এদিকে শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় অভিযোগ গ্রহণে গাফিলতির অভিযোগে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হককে ক্লোজড করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ঘটনার তদন্ত চলছে।
১২৪ বার পড়া হয়েছে