সর্বশেষ

জাতীয়

তাৎক্ষণিক প্রতিবাদ করতেই প্রবেশ না করে ফিরে এসেছেন জাহেদ 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ৮:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা আটকে রাখার ঘটনায় প্রতিবাদস্বরূপ ভারতে প্রবেশ না করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, সরকারের প্রতিনিধি হিসেবে তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ জানানো প্রয়োজন ছিল।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, নয়াদিল্লি বিমানবন্দরে তাঁকে প্রায় দুই ঘণ্টা বসিয়ে রাখার ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে তিনি ভারতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে আসেন।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, তিনি ব্যক্তিগতভাবে নয়, সরকারের একজন প্রতিনিধি হিসেবে ভারতে গিয়েছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, একজন সরকারি প্রতিনিধির সঙ্গে এমন আচরণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানো প্রয়োজন ছিল। সে কারণেই তিনি দিল্লিতে প্রবেশ না করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

তিনি আরও বলেন, পরবর্তী সময়ে ভারতীয় কর্তৃপক্ষ তাঁকে প্রবেশের অনুমতি দেওয়ার চেষ্টা করে এবং নির্ধারিত কর্মসূচিতে অংশ নেওয়ার অনুরোধ জানায়। তবে সরকারের প্রতিনিধি হিসেবে তিনি মনে করেন, এ ঘটনায় রাষ্ট্রের পক্ষ থেকে একটি সুস্পষ্ট অবস্থান প্রকাশ করা প্রয়োজন ছিল।

ডা. জাহেদ উর রহমানের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দলের ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল। এ উদ্দেশ্যে তিনি রোববার সন্ধ্যায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন বৈঠকে তাঁর অংশগ্রহণের বিষয়টি আগেই আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছিল। এরপরও বিমানবন্দরে তাঁকে প্রবেশে বাধার মুখে পড়তে হয়।

পরবর্তীতে উচ্চপর্যায়ের নির্দেশনার মাধ্যমে প্রবেশের অনুমতি দেওয়া হলেও জাহেদ উর রহমান তা গ্রহণ না করে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। সোমবার দুপুরে তিনি দেশে ফিরে আসেন।

ঘটনাটি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ ও ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেছেন। তিনি জানান, বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে এবং সরকারের সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে।

এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও জানিয়েছেন, পুরো ঘটনা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয়েছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন