ফরিদপুরের চরাঞ্চলে ইউপি নির্বাচন ঘিরে মব-আতঙ্ক ও মাদকবিরোধী প্রচারণা, ভোটারদের আস্থা পরীক্ষিত প্রার্থীর দিকে
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ৪:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে চরাঞ্চলের ইউনিয়নগুলোতে নির্বাচনী প্রচারণা জমে উঠলেও সাধারণ ভোটারদের মধ্যে বিরাজ করছে মব-আতঙ্ক ও অনিশ্চয়তা। অভিযোগ উঠেছে, কিছু নতুন প্রার্থী মাদকবিরোধী অবস্থানকে সামনে রেখে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন, যা অনেক ক্ষেত্রে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে ‘মব জাস্টিস’-এর শঙ্কা তৈরি করছে।
ফরিদপুর জেলার সদর উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে ভোটের আমেজ এখন তুঙ্গে। পোস্টার, ব্যানার ও গণসংযোগে মুখর হয়ে উঠেছে এলাকা। তবে এই উৎসবমুখর পরিবেশের আড়ালে সাধারণ মানুষের মধ্যে চাপা আতঙ্ক ও সন্দেহ কাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর মাঠে নতুন কিছু মুখ সক্রিয় হয়েছে। এদের কেউ কেউ সরাসরি কোনো বড় রাজনৈতিক পরিচয় ছাড়াই প্রভাব খাটিয়ে জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে কিছু প্রার্থীর বিরুদ্ধে ‘মব সংস্কৃতি’ তৈরি করে প্রতিপক্ষকে দমন করার অভিযোগও উঠছে।
চরাঞ্চলের অনেক বাসিন্দার দাবি, মাদকবিরোধী প্রচারণাকে কেন্দ্র করে কিছু প্রার্থী নিজেদের জনপ্রিয় করার চেষ্টা করলেও বাস্তবে এর আড়ালে ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে নিরীহ মানুষকে ‘মাদক ব্যবসায়ী’ তকমা দিয়ে হয়রানির ঘটনাও ঘটছে।
এদিকে ভোটারদের একটি বড় অংশ এখনো প্রকাশ্যে কারও পক্ষে অবস্থান নিতে সাহস পাচ্ছেন না। তাদের আশঙ্কা, প্রকাশ্যে সমর্থন জানালে প্রতিপক্ষের রোষানলে পড়তে হতে পারে।
স্থানীয় ভ্যানচালক কামাল বলেন, যারা মাদক বা অপরাধের সঙ্গে জড়িত, তাদের আমরা ভোট দেব না। কিন্তু যারা গরিব মানুষের পাশে থাকবে, তারাই আমাদের পছন্দ।
কৃষক সামাদ জানান, নতুন কিছু মুখ হঠাৎ করেই এলাকায় নেতা হয়ে উঠেছে, যারা আগে কখনো সাধারণ মানুষের পাশে ছিল না।
নৌকার মাঝি কামরুল বলেন, অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে নিজেদের জনসেবক হিসেবে তুলে ধরছে, কিন্তু বাস্তবে তাদের কোনো ভূমিকা নেই।
সব মিলিয়ে চরাঞ্চলের ভোটাররা জানিয়েছেন, তারা এমন প্রার্থী চান যিনি বাস্তবিক অর্থে এলাকার উন্নয়ন, নিরাপত্তা ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারবেন।
১২০ বার পড়া হয়েছে