দিল্লিতে জাহেদ উর রহমানকে বাধা: ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বঢেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে বাংলাদেশ।
সরকার এ ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে এবং বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বঢেকে তলব করেছে বাংলাদেশ সরকার।
সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁকে ডেকে পাঠানো হয়। বিকেলে মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে।
এর আগে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, দিল্লি বিমানবন্দরের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা কোনোভাবেই প্রত্যাশিত নয়। ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে।
সরকারি সূত্রে জানা গেছে, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আগেই সফরের বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। এরপরও রোববার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ ‘রহস্যজনক কারণে’ জাহেদ উর রহমানকে ভারতে প্রবেশের অনুমতি দেয়নি।
পরে উচ্চ পর্যায়ের নির্দেশনার পর তাঁর প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি দিল্লিতে না গিয়ে কলম্বো হয়ে সোমবার দুপুরে ঢাকায় ফিরে আসেন।
জাহেদ উর রহমানের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদলের ভারত সফরের কথা ছিল। দিল্লিতে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে তাঁর অংশ নেওয়ার কথা ছিল।
ঘটনাটি বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে নতুন আলোচনা সৃষ্টি করেছে। এ বিষয়ে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছে কূটনৈতিক মহল।
১২৭ বার পড়া হয়েছে