পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বাজেটে ৯৬৪ কোটি টাকার বেশি বরাদ্দ
শনিবার, ১৩ জুন, ২০২৬ ১০:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সড়ক যোগাযোগ, নিরাপদ পানি সরবরাহ এবং বিদ্যুতায়ন খাতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোট ৯৬৪ কোটি ৬৪ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই অর্থ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উন্নয়ন খাতে ব্যয় করা হবে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। প্রস্তাবিত বাজেট অনুযায়ী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মোট বরাদ্দ ধরা হয়েছে ১ হাজার ৪৫৭ কোটি ৮২ লাখ টাকা, যার মধ্যে উন্নয়ন খাতে রয়েছে ৯৬৪ কোটি ৬৪ লাখ টাকা।
গত ২০২৫-২৬ অর্থবছরে মন্ত্রণালয়টির বরাদ্দ ছিল ১ হাজার ৩৬২ কোটি টাকা। সেই তুলনায় এবার বরাদ্দ প্রায় ৯৫ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের বাজেট বিশ্লেষণ অনুযায়ী, এই উন্নয়ন ব্যয় পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রস্তাবিত বাজেটে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৪৯২ কোটি ৩৬ লাখ ৮২ হাজার টাকা, আবর্তক ব্যয় ৬৫৮ কোটি ৫৭ লাখ ৫৪ হাজার টাকা এবং মূলধন ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭৯৮ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকা।
দুর্গম পাহাড়ি এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, ভৌত অবকাঠামো নির্মাণ, কৃষি উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ এবং বিদ্যুতায়ন প্রকল্পে এই অর্থের বড় অংশ ব্যয় করা হবে। পাশাপাশি পর্যটন-সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নেও একাধিক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
এছাড়া শিক্ষা ও স্বাস্থ্য খাতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য বৃত্তিমূলক শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং দুর্গম এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পার্বত্য জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণেও বিশেষ কর্মসূচি বাস্তবায়নের কথা বলা হয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, কৃষি ও বৃক্ষরোপণ খাতে বিনিয়োগ বাড়িয়ে স্থানীয় মানুষের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই বাজেট বাস্তবায়িত হলে পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।
১৯০ বার পড়া হয়েছে