চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ
শনিবার, ১৩ জুন, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ সীমান্তে কথিত হত্যা ও পুশ-ইনের ঘটনার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।
তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থীভাবে সীমান্তে ভারতীয় বাহিনীর কথিত পুশ-ইনের চেষ্টা নিন্দনীয়। তিনি দাবি করেন, সীমান্তে এ ধরনের কার্যক্রম বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, “সীমান্তে হত্যাকাণ্ড এবং জোরপূর্বক পুশ-ইনের ঘটনা দুই দেশের সম্পর্কের জন্য উদ্বেগজনক। এসব অব্যাহত থাকলে সীমান্ত এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে।”
এ সময় তিনি সীমান্ত সমস্যার স্থায়ী সমাধানে বাংলাদেশ ও ভারতের মধ্যে সরকার পর্যায়ে (জি-টু-জি) আলোচনার আহ্বান জানান।
বক্তব্যে তিনি অভিযোগ করেন, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি মানবিক আচরণ বজায় রাখলেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিভিন্ন সময় অন্যায়ভাবে হত্যাকাণ্ড ঘটাচ্ছে এবং পুশ-ইনের চেষ্টা করছে।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবু জার গিফারী। এতে ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
১৫৩ বার পড়া হয়েছে