ঠাকুরগাঁওয়ে চীনা রাষ্ট্রদূতের শিক্ষা উপকরণ বিতরণ
শনিবার, ১৩ জুন, ২০২৬ ১:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঠাকুরগাঁওয়ে চীন–বাংলাদেশ মৈত্রী উদ্যোগে আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতা আরও শক্তিশালী করতে তিনি এই সফরে এসেছেন।
শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন। অনুষ্ঠানে জেলার ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬ হাজার ৩০৮ জন শিক্ষার্থী এসব উপকরণ গ্রহণ করে।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। এই সহায়তা তাদের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবে।” তিনি আরও জানান, ঠাকুরগাঁওয়ের কৃষি সম্ভাবনা তাকে মুগ্ধ করেছে এবং আগামী জুলাই–আগস্টের মধ্যে চীন থেকে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এ জেলায় আসবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের একটি দল চীন সফরের সুযোগ পেতে পারে, যা দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও গভীর করবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চীন আজ বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র, যারা নিজেদের উন্নয়নের পাশাপাশি বিভিন্ন দেশের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি ঠাকুরগাঁওয়ের উন্নয়নেও চীনের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৩০ বার পড়া হয়েছে