গোল্ডেন এ-প্লাস পাওয়া মেধাবী শিক্ষার্থী অন্তর শেখ ব্লাড ক্যান্সারে আক্রান্ত, থেমে গেছে চিকিৎসা
শনিবার, ১৩ জুন, ২০২৬ ১:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের মেধাবী শিক্ষার্থী অন্তর শেখ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। একসময় যে হাতে বই ও কলম ছিল, আজ সেই হাতে শুধুই হাসপাতালের রিপোর্ট আর বেঁচে থাকার লড়াইয়ের ক্লান্ত বাস্তবতা।
পরিবার সূত্রে জানা যায়, অন্তর শেখ ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ-প্লাস অর্জন করে এলাকায় সবার প্রশংসা কুড়ায়। দরিদ্র কৃষক ভুলু মিয়ার সন্তান হিসেবে সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও কঠোর পরিশ্রমে সে এই সাফল্য অর্জন করেছিল। কিন্তু সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। এসএসসি পরীক্ষার পরপরই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে।
পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, অন্তর ব্লাড ক্যান্সারে আক্রান্ত। এরপর থেকেই শুরু হয় তার চিকিৎসা সংগ্রাম। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য প্রায় ১৬ লাখ টাকা প্রয়োজন হলেও আর্থিক সংকটে তা বহন করা পরিবারটির পক্ষে অসম্ভব হয়ে পড়ে।
অন্তরের বাবা ভুলু শেখ একজন অসহায় কৃষক, যিনি দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে নিয়মিত কাজও করতে পারেন না। ছেলের চিকিৎসার জন্য যা কিছু ছিল সবই ব্যয় করেছেন তিনি। এমনকি শেষ সম্বল গাভীটিও বিক্রি করে চিকিৎসা চালানোর চেষ্টা করা হয়। আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় আড়াই লাখ টাকা খরচ করে এক মাস চিকিৎসা চললেও বর্তমানে অর্থের অভাবে চিকিৎসা সম্পূর্ণ বন্ধ রয়েছে।
কান্নাজড়িত কণ্ঠে অন্তরের বাবা বলেন, “আমি একজন গরিব মানুষ, আর কোনো সামর্থ্য নেই। ছেলেকে বাঁচাতে সবার কাছে সাহায্যের আবেদন করছি।”
অন্তরের মা আবেগাপ্লুত হয়ে বলেন, তার স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে মানুষের সেবা করবে, কিন্তু আজ সেই স্বপ্ন অনিশ্চয়তার মুখে।
স্থানীয়রা জানান, অন্তর অত্যন্ত মেধাবী ও ভদ্র স্বভাবের একজন শিক্ষার্থী ছিল। তার চিকিৎসা চালিয়ে যেতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহায়তা এখন অত্যন্ত জরুরি।
এদিকে পরিবারটি দেশবাসীর কাছে আর্থিক সহায়তার আকুল আবেদন জানিয়েছে, যাতে সময়মতো উন্নত চিকিৎসা দিয়ে অন্তরের জীবন রক্ষা করা সম্ভব হয়।
অন্তরকে সাহায্যের পাঠাতে পারেন এই নাম্বরের বিকাশ বা নগদ অ্যাকাউন্টে। নগদ অ্যাকাউন্ট নাম্বার : 01402-063261 ও বিকাশ অ্যাকাউন্ট নাম্বর : 01902-922664
১০৮ বার পড়া হয়েছে