চিলা ব্রিজে বিশ্বকাপ উন্মাদনা: ১৮০ দেশের পতাকায় রঙিন মোংলা
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
মোংলার প্রত্যন্ত অঞ্চল চিলা ব্রিজ এখন পরিণত হয়েছে ফুটবল উৎসবের এক অনন্য কেন্দ্রবিন্দুতে।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে আর্জেন্টিনা, ব্রাজিলসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৮০টি পতাকা দিয়ে সজ্জিত করা হয়েছে ব্রিজটি। ফলে স্থানীয়দের কাছে এটি এখন শুধু একটি সেতু নয়, বরং এক আনন্দ-উৎসবের মিলনমেলা।
স্থানীয় ফুটবলপ্রেমীরা নিজ নিজ প্রিয় দলের পতাকা ব্রিজের দুই পাশে টানিয়ে দিয়েছেন। এতে আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, ফ্রান্স ও জার্মানিসহ বিভিন্ন দেশের রঙে রঙিন হয়ে উঠেছে পুরো এলাকা। বিকেল হলেই সেখানে ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ—শিশু, কিশোর, তরুণ থেকে শুরু করে বৃদ্ধরাও। সবাই মিলে প্রিয় দল নিয়ে আড্ডা ও আলোচনা করছেন।
তবে সবচেয়ে বেশি উত্তেজনা দেখা যাচ্ছে উঠতি বয়সীদের মধ্যে। কে কত বড় ও বেশি পতাকা টানাতে পারে—এ নিয়েও চলছে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা। তবুও সবার মধ্যেই রয়েছে পারস্পরিক সৌহার্দ্য ও মিলেমিশে উৎসব উপভোগ করার মনোভাব।
চিলা গ্রামের আর্জেন্টিনা সমর্থক চন্দন সরকার বলেন, “আমরা গ্রামের ফুটবলপ্রেমীরা মিলে চিলা ব্রিজকে আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, ফ্রান্স ও জার্মানিসহ বিভিন্ন দেশের পতাকা দিয়ে সাজিয়েছি। আসন্ন বিশ্বকাপকে ঘিরে সবাই মিলে আনন্দ করার জন্যই এই উদ্যোগ। আমরা বিশ্বাস করি এবার আর্জেন্টিনা শিরোপা জিতবে।”
অন্যদিকে ব্রাজিল সমর্থক চন্দ্রিকা মন্ডল বলেন, “বিশ্বকাপকে ঘিরে ব্রিজটি বিভিন্ন দেশের পতাকা দিয়ে সাজানো হয়েছে। আমরা আশা করছি এবার ব্রাজিল চ্যাম্পিয়ন হবে। তবে সবাইকে অনুরোধ থাকবে—খেলা উপভোগ করবো, কিন্তু কেউ যেন তর্ক বা বিরোধে না জড়ায়।”
স্থানীয়দের উদ্যোগে সাজানো চিলা ব্রিজ এখন আশপাশের এলাকার মানুষের কাছেও একটি আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। প্রতিদিনই সেখানে ভিড় করছেন অনেকে, ছবি তুলছেন এবং ফুটবল উন্মাদনায় অংশ নিচ্ছেন।
সব মিলিয়ে ফুটবল বিশ্বকাপকে ঘিরে চিলা ব্রিজে তৈরি হয়েছে এক ব্যতিক্রমী উৎসবমুখর পরিবেশ, যেখানে রঙ, পতাকা আর আবেগ মিলেমিশে একাকার হয়ে গেছে।
১৩৯ বার পড়া হয়েছে