২০ বছর পর বিএনপির বাজেট
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করবেন আমির খসরু
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও বিএনপি সরকারের সরাসরি বাজেট প্রণয়ন ও উপস্থাপনার সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
২০০৬ সালের ৬ জুন বিএনপি সরকারের শেষ বাজেট উপস্থাপন করেছিলেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। এরপর তত্ত্বাবধায়ক সরকার, আওয়ামী লীগ সরকার এবং অন্তর্বর্তী সরকারের আমলে বাজেট প্রণয়ন হলেও বিএনপির সরাসরি অংশগ্রহণ ছিল না। ফলে প্রায় ২০ বছর পর আবারও বাজেট প্রণয়নের মাধ্যমে জাতীয় অর্থনীতির নেতৃত্বে ফিরছে দলটি।
বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে অন্যতম সফল অর্থমন্ত্রী হিসেবে বিবেচিত এম সাইফুর রহমান জাতীয় সংসদে সর্বোচ্চ ১২ বার বাজেট উপস্থাপনের রেকর্ড গড়েছিলেন। অর্থনৈতিক সংস্কার, মুক্তবাজার অর্থনীতি, বাণিজ্য উদারীকরণ এবং ভ্যাট প্রবর্তনের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপের মাধ্যমে তিনি দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব রেখে গেছেন।
বিএনপির বাজেট উপস্থাপনার ইতিহাস শুরু হয় দলের প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। তিনি ১৯৭৬ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত টানা তিনটি বাজেট উপস্থাপন করেন। পরবর্তীতে মির্জা নূরুল হুদা এবং পরে এম সাইফুর রহমান অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে বাজেট প্রণয়নের ধারাবাহিকতা বজায় রাখেন।
১৯৯১ সালে বিএনপি সরকার ক্ষমতায় ফিরে এলে আবারও অর্থমন্ত্রীর দায়িত্ব পান এম সাইফুর রহমান। তার নেতৃত্বে অর্থনৈতিক সংস্কার, রাজস্ব ব্যবস্থার আধুনিকীকরণ এবং বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। ২০০৩ সালে টাকার বিনিময় হার বাজারভিত্তিক করার সিদ্ধান্তও ব্যাপক আলোচিত হয়েছিল।
২০০৬-০৭ অর্থবছরের জন্য ৬৯ হাজার ৭৪০ কোটি টাকার বাজেট উপস্থাপনের মধ্য দিয়ে জাতীয় সংসদে ১২তম ও শেষ বাজেট দেন এম সাইফুর রহমান। পরে ২০০৯ সালে এক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
এরপর আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত টানা ১০টি বাজেট উপস্থাপন করেন। সব মিলিয়ে তিনি ১২টি বাজেট উপস্থাপন করলেও প্রথম ব্যক্তি হিসেবে ১২ বার বাজেট দেওয়ার রেকর্ড এখনও এম সাইফুর রহমানের দখলে রয়েছে।
২০২৪ সালের জুলাইয়ে রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। সেই সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন।
পরে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করে। ১৭ ফেব্রুয়ারি অর্থ ও পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। দায়িত্ব নেওয়ার চার মাসেরও কম সময়ের মধ্যে তাকে দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ বাজেট উপস্থাপন করতে হচ্ছে।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটসহ স্বাধীনতার পর থেকে দেশের মোট ৫৫টি বাজেটের মধ্যে বিএনপির উপস্থাপিত বাজেটের সংখ্যা দাঁড়াবে ১৭টি। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের আমলে উপস্থাপিত বাজেটের সংখ্যা ২৫টি।
অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টদের মতে, বাজেট প্রণয়ন এবং অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে এম সাইফুর রহমানের অবদান বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। তার প্রবর্তিত অনেক নীতি এখনও দেশের অর্থনৈতিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত হয়।
১৩৯ বার পড়া হয়েছে