কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ৪:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ায় যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) বিকেলে কুমারখালীর বাঁধবাজার ফুটবল মাঠে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের আয়োজনে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।
খেলায় বাঁধবাজার যুব স্পোর্টিং ক্লাব এবং কুষ্টিয়া ফ্রেন্ডস ক্লাব অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে উভয় দলই দারুণ পারফরম্যান্স প্রদর্শন করে। শেষ পর্যন্ত কুষ্টিয়া ফ্রেন্ডস ক্লাব ৫-৩ গোলে জয়লাভ করে, আর বাঁধবাজার যুব স্পোর্টিং ক্লাব পরাজিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আসলাম হোসেন এবং গণঅধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক।
ম্যাচ শেষে অতিথিরা খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন এবং বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। তাঁরা মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের ক্রীড়ামুখী করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
১১৮ বার পড়া হয়েছে