নাসির হোসাইন ও তামিমা সুলতানাকে খালাস দিল আদালত
বুধবার, ১০ জুন, ২০২৬ ৬:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে দায়ের করা বহুল আলোচিত মামলায় খালাসের রায় দিয়েছেন আদালত।
বুধবার (১০ জুন) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, বৈবাহিক সম্পর্ক চলমান অবস্থায় বিয়ে, ব্যভিচার এবং মানহানির অভিযোগে দায়ের করা মামলায় পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় আসামিদের খালাস দেওয়া হয়েছে।
রায় ঘোষণার আগে সকাল সাড়ে ১১টার দিকে নাসির হোসাইন ও তামিমা সুলতানা আদালতে উপস্থিত হন। এ সময় আদালত প্রাঙ্গণে উৎসুক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এর আগে গত ১৬ এপ্রিল মামলার সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শেষ হয়। মামলায় মোট ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।
উল্লেখ্য, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমা সুলতানার সাবেক স্বামী রাকিব হাসান ঢাকার আদালতে মামলাটি দায়ের করেন। অভিযোগে তিনি দাবি করেন, তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক আইনগতভাবে শেষ হওয়ার আগেই তামিমা ক্রিকেটার নাসির হোসাইনকে বিয়ে করেছেন।
২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি নাসির হোসাইন ও তামিমা সুলতানার বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। পরবর্তীতে এ ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ মামলার রায় ঘোষণা করেন এবং নাসির হোসাইন ও তামিমা সুলতানা তাম্মিকে খালাস দেন।
১১৯ বার পড়া হয়েছে