মুকসুদপুরে নিখোঁজের পাঁচ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ৪:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের পাঁচ দিন পর শহিদুল মাতুব্বর (৪৫) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১০ জুন) সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর উপজেলার পান্থাপাড়া এলাকার একটি সড়কের পাশের ঝোপঝাড় থেকে শহিদুলের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
নিহত শহিদুল মাতুব্বর মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের মৃত আব্দুল ছালাম মাতুব্বরের ছেলে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের আবু শেখের ছেলে নুর হোসেন এবং কাশেম শেখের ছেলে পলাশ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতের ভাই শাহিদুল মাতুব্বর জানান, গত ৬ জুন সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি শহিদুল। পরদিন ৭ জুন মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, নুর হোসেন ও পলাশ শেখ শহিদুলকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। তাদের দাবি, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে শহিদুলকে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, নিখোঁজের অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করা হয়। গত ৯ জুন মুকসুদপুর উপজেলার সিন্দয়াঘাট এলাকা থেকে শহিদুলের ব্যবহৃত ইজিবাইক উদ্ধার করা হয়। এরপর সন্দেহভাজন দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজৈরের পান্থাপাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, উদ্ধার হওয়া মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
১২৫ বার পড়া হয়েছে