দিনাজপুরের হাকিমপুরে চাকরি দেওয়ার নামে ৬০ লাখ টাকা আত্মসাৎ
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ২:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে গোবিন্দপুর গুমড়া দাখিল মাদ্রাসার সুপার মোজাহার আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। একই ঘটনায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া মোজাহার আলী উপজেলার গুমড়া গ্রামের রমজান আলীর ছেলে এবং গোবিন্দপুর গুমড়া দাখিল মাদ্রাসার সুপার হিসেবে কর্মরত ছিলেন। পলাতক সভাপতি আব্দুর রাজ্জাক পাশ্ববর্তী ইসবপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২০ ডিসেম্বর গোবিন্দপুর গুমড়া দাখিল মাদ্রাসায় আয়া, নৈশপ্রহরী, নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় একই এলাকার শাকিল বাবু, মিহাজুল ইসলাম, মোস্তানা আক্তার মিতু ও রাশেদুজ্জামান নির্বাচিত হন।
পরবর্তীতে তাদের চাকরিতে যোগদান করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রত্যেকের কাছ থেকে ১৫ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা দাবি ও গ্রহণ করা হয় বলে অভিযোগ উঠেছে। এছাড়া এমপিওভুক্তির ফাইল প্রক্রিয়ার কথা বলে আরও অর্থ দাবির অভিযোগও রয়েছে।
ভুক্তভোগীরা বিষয়টি নিশ্চিত হয়ে গত সোমবার হাকিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে মাদ্রাসা সভাপতি আব্দুর রাজ্জাককে ১ নম্বর এবং সুপার মোজাহার আলীকে ২ নম্বর আসামি করা হয়।
অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মোজাহার আলীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, পলাতক সভাপতি আব্দুর রাজ্জাককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
১১৯ বার পড়া হয়েছে