সিলেট-ঢাকা মহাসড়কে নতুন ট্রাফিক ব্যবস্থা: একমুখী চলাচলের নির্দেশনা জারি
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ৪:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিলেট-ঢাকা মহাসড়কের সিলেট নগরীর প্রবেশপথ চন্ডিপুল থেকে হুমায়ুন রশীদ চত্বর পর্যন্ত অংশে চলমান যানজট ও সড়ক সংস্কার কাজের কারণে নতুন ট্রাফিক নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে সড়ক খারাপ অবস্থা ও উন্নয়ন কাজের ফলে এই রুটে তীব্র যানজট সৃষ্টি হয়ে আসছে, এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রী ও চালকরা।
এই পরিস্থিতি মোকাবিলায় সিলেট মহানগর পুলিশ (এসএমপি) নতুন ট্রাফিক ব্যবস্থাপনা চালুর সিদ্ধান্ত নিয়েছে। আগামী শুক্রবার (১২ জুন) থেকে এই নির্দেশনা কার্যকর হবে বলে জানানো হয়েছে।
বুধবার (১০ জুন) সিলেট মহানগর পুলিশের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা অভিমুখী সব যানবাহনকে এখন থেকে হুমায়ুন রশীদ চত্বর হয়ে চন্ডিপুল পয়েন্ট দিয়ে একমুখী চলাচল করতে হবে। একইসঙ্গে সিলেট অভিমুখী যানবাহনগুলো চন্ডিপুল পয়েন্ট থেকে বাঁ দিকে মোড় নিয়ে বঙ্গবীর রোড হয়ে কদমতলী বাস টার্মিনালে প্রবেশ করবে।
এছাড়া হুমায়ুন রশীদ চত্বর, চন্ডিপুল, বাবনা পয়েন্ট, কিনব্রিজের দক্ষিণ প্রান্ত থেকে কদমতলী বাস টার্মিনাল পর্যন্ত সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা ও যানবাহন পার্কিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সড়কে চলমান নির্মাণকাজ ও যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
১২৪ বার পড়া হয়েছে