নরসিংদীতে 'স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি' বাস্তবায়ন প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ১:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এবং “এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম” এর আওতায় “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি” জেলা পর্যায়ে বাছাই ও বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) বিকেলে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী ও উদ্ভাবনী ধারায় রূপান্তরের লক্ষ্যে সরকার পরিচালিত এই উদ্যোগকে কেন্দ্র করে সভায় বিস্তারিত পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাস্তবায়িত পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিমের আওতায় দেশব্যাপী “Startup, Science Project and Innovation Idea Showcasing for Secondary Level Students and Teachers” শীর্ষক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, সমস্যা সমাধান দক্ষতা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশের সুযোগ সৃষ্টি হবে।
এই প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক নিয়ে একটি দল গঠন করা হবে। দলগুলো উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপন ও প্রতিযোগিতায় অংশ নেবে।
স্টার্টআপ বিভাগে শিক্ষার্থীরা সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে নতুন ব্যবসায়িক বা সেবাধর্মী ধারণা উপস্থাপন করবে। বিজ্ঞান প্রকল্প বিভাগে বিজ্ঞান ও প্রযুক্তির তত্ত্বভিত্তিক ব্যবহারিক মডেল প্রদর্শন করা হবে। এছাড়া উদ্ভাবনী ধারণা বিভাগে দৈনন্দিন জীবন সহজ করতে বাস্তবসম্মত নতুন আইডিয়া উপস্থাপন করা হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা, শিক্ষা ও আইসিটি শাখা) মো. রাসেদুজ্জামান সভা সঞ্চালনা করেন। আরও উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, জেলা শিক্ষা অফিসার এ.এস.এম. আব্দুল খালেকসহ বিভিন্ন শিক্ষা কর্মকর্তা ও বাস্তবায়ন কমিটির সদস্যরা।
সভায় অংশগ্রহণকারীরা শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা বিকাশে এ ধরনের উদ্যোগকে আরও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
২৮৮ বার পড়া হয়েছে