জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নতুন জাতের মাছ উৎপাদনে মতবিনিময় সভা
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ১২:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যতের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে জলবায়ু সহনশীল নতুন জাতের মাছ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। এ লক্ষ্যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন জাতের মাছ উৎপাদন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন।
এ সময় বক্তব্য দেন ফিসারিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান, ফ্রান্সের নেন্সি লরেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. টমাস লিকক এবং গবেষক ড. ইয়ানিক লিডোরসহ দেশি-বিদেশি বিভিন্ন বিশেষজ্ঞ ও শিক্ষক।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশের মৎস্যসম্পদ নতুন ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছে। এ পরিস্থিতিতে পরিবেশ সহনশীল ও উন্নত জাতের মাছ উদ্ভাবন এবং উৎপাদন বৃদ্ধি সময়ের দাবি। তারা গবেষণাভিত্তিক উদ্যোগের মাধ্যমে জলবায়ু সহনশীল মাছের জাত উন্নয়নে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় বক্তারা আরও বলেন, নতুন জাতের মাছ উৎপাদনের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান মাছ ও প্রাণিজ আমিষের চাহিদা পূরণ করা সম্ভব হবে। পাশাপাশি খাদ্যনিরাপত্তা নিশ্চিত করে একটি সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে এ ধরনের গবেষণা ও উদ্ভাবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
১২৬ বার পড়া হয়েছে