সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
সোমবার, ১৫ জুন, ২০২৬ ১১:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরা শহরে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং ডাম্পিং স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারীরা বলেন, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার অভাবে শহরের পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে।
সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা পরিচ্ছন্ন পরিবেশ, দূষণমুক্ত শহর এবং টেকসই উন্নয়নের পক্ষে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এ সময় তাঁরা শহরের বিভিন্ন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ এবং পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা বলেন, যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার অভাবে সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থান ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে। অনেক এলাকায় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে থেকে ময়লা-আবর্জনা ছড়িয়ে পড়ছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকিও বাড়ছে।
তাঁরা আরও বলেন, শহরে বর্জ্য ফেলার জন্য নির্দিষ্ট কোনো স্থান নেই এবং এখনো প্রয়োজনীয় ডাম্পিং স্টেশন গড়ে তোলা হয়নি। প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও নাগরিক সেবার মান প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। এ পরিস্থিতির দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে শহরের বাসযোগ্যতা আরও সংকুচিত হতে পারে।
মানববন্ধন থেকে ময়লা-আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ডাম্পিং স্টেশন স্থাপন এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়নের দাবি জানানো হয়।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির নেতা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাতক্ষীরা ইউনিটের সাধারণ সম্পাদক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন নাগরিক নেতা সিদ্দিকুর রহমান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, আইনজীবী বিপ্লব হোসেন, বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য হৃদয় মণ্ডল, ইমতি জামিল ও নুরজাহান খাতুনসহ অন্যরা।
১২১ বার পড়া হয়েছে