মুন্সীগঞ্জে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ২৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ১২:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর উপস্থিতিতে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ২৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ, প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতা বিকাশের আহ্বান জানান।
প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ। এ ছাড়া শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, বৃত্তি অর্জন শুধু একটি শিক্ষাগত সাফল্য নয়, বরং অধ্যবসায়, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি। এই অর্জন ভবিষ্যতের আরও বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। তাঁরা শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ, মানবিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, বর্তমান বিশ্বের পরিবর্তনশীল চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীল চিন্তাশক্তি এবং উদ্ভাবনী মনোভাব গড়ে তোলার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্ব ও জাতীয় উন্নয়নে অবদান রাখতে এসব দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি প্রকাশ করে। তাঁরা বলেন, এ সম্মাননা তাঁদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও মনোযোগী ও সাফল্যমুখী হতে অনুপ্রাণিত করবে।
পরে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত মোট ২৭ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আনন্দঘন, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
১২৩ বার পড়া হয়েছে