সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ার প্রাগপুর সীমান্তে বিজিবির বাধা, ১২ জনকে নিয়ে পিছু হটল বিএসএফ

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

সোমবার, ১৫ জুন, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে নারী ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে বিএসএফ ওই ব্যক্তিদের নিয়ে ভারতীয় ভূখণ্ডে ফিরে যায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বিজিবির বাধায় ১২ জনকে নিয়ে পিছু হটল বিএসএফ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস সীমান্ত পিলার-সংলগ্ন এলাকায় নারী ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে উত্তেজনা দেখা দেয়। এ সময় সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সতর্ক অবস্থান নেয়।

বিজিবি সূত্রে জানা যায়, গত শুক্রবার ভোরে প্রাগপুর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তবে বিজিবি ও স্থানীয় সীমান্তবাসীর সতর্ক অবস্থানের কারণে তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। এরপর থেকে ওই ব্যক্তিরা সীমান্তের ভারতীয় অংশে অবস্থান করে আসছিলেন।

ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার সকালে প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলারসংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি এ ধরনের প্রবেশচেষ্টার প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ভারতীয় কর্তৃপক্ষের মাধ্যমে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।

কুষ্টিয়ার প্রাগপুর সীমান্ত

জবাবে বিএসএফ জানায়, ওই ১২ জনের পরিচয় ও তথ্য যাচাই-বাছাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ততদিন তারা সীমান্ত এলাকায় অবস্থান করবে।

সোমবার সকালে বিএসএফ সদস্যরা সীমান্তের শূন্যরেখার কাছে অবস্থান নিলে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় সূত্রের দাবি, এ সময় ভারতীয় সীমান্ত এলাকার কিছু বাসিন্দাও সেখানে উপস্থিত ছিলেন। পরে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধের মুখে বিএসএফ ওই ১২ জনকে নিয়ে সীমান্তের কাঁটাতারের ভেতরে ভারতীয় অংশে ফিরে যায়।

প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, সকালে সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের অবস্থানের কারণে বিএসএফ তাদের সঙ্গে থাকা ১২ জনকে নিয়ে ভারতীয় সীমান্তের ভেতরে ফিরে যায়।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থান জোরদার করেছে। কুষ্টিয়া-৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা বলেন, সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন