ধোবাউড়ায় ৫ বছরের শিশুর রহস্যজনক মৃত্যু, ধর্ষণের পর হত্যার অভিযোগ; দুইজন আটক
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ২:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু ঘিরে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। পুরো এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রোববার (১৪ জুন) সন্ধ্যার পর উপজেলার গোয়াতলা ইউনিয়নের টাংগাটি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম নিছান মনি (৫)। সে ওই গ্রামের রাজু মিয়ার মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আছরের নামাজের পর থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করা হয়। একপর্যায়ে বাড়ির পাশের কংস নদীতে শিশুটির মরদেহ ভেসে থাকতে দেখা যায়।
পরিবারের অভিযোগ, মরদেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে শিশুটির শরীরে আঘাতের চিহ্ন ও নির্যাতনের আলামত পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে আসে।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে একই গ্রামের দুইজনকে আটক করে। আটককৃতরা হলেন আরিফ হোসেন (১৪) ও মারুফ হোসেন (২০)।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল) মিজানুর রহমান জানান, ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। নিহত শিশুর পরিবার কান্নায় ভেঙে পড়েছে।
১০৭ বার পড়া হয়েছে