সরাইলে বাস খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৪, আহত অন্তত ১০
সোমবার, ৮ জুন, ২০২৬ ১১:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ ৪ জন নিহত হয়েছেন।
সোমবার (০৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার বৈশামোড়া এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জের মাধবপুর বাস স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে “দিগন্ত পরিবহন” নামের একটি যাত্রীবাহী বাস ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিল। পথে বৈশামোড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপের মুখে পড়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তেই বাসটি সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৪ জন যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সরাইল উপজেলার শাহবাজুর এলাকার আরস আলী মুন্সি (৭০) এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌসুমি দাস (৩০)।
সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায়।
এদিকে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে নিরাপত্তা জোরদার এবং দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
১৪৬ বার পড়া হয়েছে