জামালপুর সীমান্তে বিএসএফের একাধিক পুশ-ইন চেষ্টা ব্যর্থ
সোমবার, ৮ জুন, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুর সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একাধিক অবৈধ পুশ-ইন চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় জনগণ।
রোববার (৭ জুন) রাতে জামালপুরের রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১১টার দিকে সীমান্তের ওপার থেকে আটজনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ সদস্যরা।
ঘটনার খবর পেয়ে দ্রুত সীমান্তে অবস্থান নেয় ৩৫ বিজিবির সদস্যরা। একই সঙ্গে স্থানীয় এলাকাবাসীও বিজিবির সঙ্গে যুক্ত হয়ে সীমান্ত পাহারায় অংশ নেন। তাদের প্রতিরোধের মুখে ওই পুশ-ইন প্রচেষ্টা ব্যর্থ হয়।
রাতভর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করে। স্থানীয়রা লাঠিসোটা নিয়ে সীমান্তে অবস্থান করে বিজিবির সহায়তায় সতর্ক পাহারা দেন বলে জানা গেছে।
পরবর্তীতে সোমবার (৮ জুন) ভোররাতেও জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে আরও কয়েকজনকে পুশ-ইনের চেষ্টা করা হয়। তবে সেখানেও বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে তা ব্যর্থ হয়।
৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান পিএসসি জানান, সীমান্তে অবৈধ পুশ-ইনের চেষ্টা করা হয়েছিল, তবে স্থানীয়দের সহযোগিতায় তা প্রতিহত করা হয়েছে। বর্তমানে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং পুশ-ইন ও মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
২১৩ বার পড়া হয়েছে