ফরিদপুরে ৬ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, কর্মবিরতির হুঁশিয়ারি
সোমবার, ৮ জুন, ২০২৬ ৫:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক, ট্রেইনি চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা ৬ দফা দাবির বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতাল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর কিছু সাম্প্রতিক সিদ্ধান্তকে “অযৌক্তিক ও বৈষম্যমূলক” বলে উল্লেখ করেন। বিশেষ করে গত ১৯ মে গৃহীত এফসিপিএস ট্রেইনিং সংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে নতুন নির্দেশনা জারির আহ্বান জানান তারা।
আন্দোলনকারীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে—স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করা, ইন্টার্ন চিকিৎসকদের বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ, বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের নবম গ্রেডের সমমানের বেতন প্রদান, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা, বিএমডিসি ২০২৫ অধ্যাদেশকে আইনে রূপান্তর এবং অবৈধভাবে চিকিৎসক পরিচয়দানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। পাশাপাশি বিসিপিএস ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফি এক হাজার টাকার মধ্যে সীমিত রাখার দাবিও জানানো হয়।
বক্তারা সতর্ক করে বলেন, দাবি পূরণ না হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা ৬ জুন থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের কর্মবিরতি চালিয়ে যাবেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি শাকিব হাসান লস্কর, মোস্তাফিজুর রহমান মুন্না সহ কর্মরত ইন্টার্ন চিকিৎসক, ট্রেইনি চিকিৎসক ও শিক্ষার্থীরা।
১৩৭ বার পড়া হয়েছে