চর মিলপাড়ায় শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনি, হাসপাতালে ভর্তি
রবিবার, ৭ জুন, ২০২৬ ৯:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার চর মিলপাড়া এলাকায় ৮ বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে আসাদুল ইসলাম আছাই (৩৮) নামে এক যুবককে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।
রবিবার (৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সদর থানাধীন চর মিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আসাদুল ইসলাম আছাই ওই এলাকার ফজলুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটিকে চকলেট খাওয়ানোর কথা বলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি শিশুটি তার পরিবারকে জানালে তারা স্থানীয়দের অবহিত করেন। পরে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে মারধর করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় অভিযুক্তকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠায়। কিন্তু হাসপাতালে ধর্ষককে চিকিৎসা প্রদান না করার দাবি এবং ধর্ষকের বিচার দাবিতে আন্দোলন করেন চর মিলপাড়া এলাকার সাধারন জনগন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার (আরএমও) কে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভড করেননি।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন মাতুব্বার জানান, শিশুর প্রতি নির্যাতনের অভিযোগে স্থানীয়রা অভিযুক্তকে গণপিটুনি দিয়েছে। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
৫৯১ বার পড়া হয়েছে