বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে জয় পেল আর্জেন্টিনা ও ব্রাজিল
রবিবার, ৭ জুন, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি আরও ঝালিয়ে নিতে মাঠে নেমেছিল ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। দুটি দলই প্রস্তুতি ম্যাচে জয় তুলে নিয়ে বিশ্বকাপ মিশনের আগে আত্মবিশ্বাস বাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচে আফ্রিকার প্রতিনিধি মিসরকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। সেলেসাওদের হয়ে গোল দুটি করেন ব্রুনো গিমারেস ও তরুণ ফরোয়ার্ড এনদ্রিক।
তবে জয়ের ম্যাচেও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ডিফেন্ডার ওয়েসলির চোট। ম্যাচের ১৫ মিনিটের মাথায় বাঁ কুঁচকিতে ব্যথা পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। পরে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানান, ওয়েসলির শারীরিক অবস্থা মূল্যায়নের জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপরই তাঁর বিশ্বকাপে খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
রোমায় খেলা ২২ বছর বয়সী ওয়েসলি এবারই প্রথম ব্রাজিলের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন। চোট পাওয়ার পর ডাগআউটে বসে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। সতীর্থ ও কোচিং স্টাফের সদস্যরা তাঁকে সান্ত্বনা দেন।
ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ওয়েসলির পরিস্থিতি নিয়ে তিনি দুঃখিত হলেও জাতীয় দলে তাঁর বিকল্প হিসেবে খেলার মতো আরও ফুটবলার রয়েছে।
এর আগে প্রস্তুতি ম্যাচে পানামাকে ৬-২ গোলে হারিয়েছিল ব্রাজিল। বিশ্বকাপে তাদের অভিযান শুরু হবে ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর গ্রুপপর্বে হাইতি ও স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
অন্যদিকে টেক্সাসের কাইল ফিল্ড স্টেডিয়ামে হন্ডুরাসের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ছোটখাটো শারীরিক অস্বস্তির কারণে ম্যাচে খেলেননি অধিনায়ক লিওনেল মেসি।
ম্যাচের ৩৭ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাওতারো মার্তিনেজ। দ্বিতীয়ার্ধের শুরুতে জুলিয়ানো সিমিওনে ব্যবধান দ্বিগুণ করেন। মার্তিনেজের চমৎকার ব্যাকহিল পাস থেকে কাছ থেকে বল জালে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি।
গোলের পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি একাধিক পরিবর্তন আনলেও ম্যাচের ফলাফলে আর কোনো পরিবর্তন আসেনি।
আগামী ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। একই গ্রুপে রয়েছে অস্ট্রিয়া ও জর্ডান।
১৮৩ বার পড়া হয়েছে