চট্টগ্রামে সাবেক মেয়র-এমপিসহ ২৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
শনিবার, ৬ জুন, ২০২৬ ৯:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের সভা ও মশাল মিছিলের ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম এবং ফটিকছড়ির সাবেক এমপি খাদিজাতুল আনোয়ার সনি সহ মোট ২৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে ফটিকছড়ি থানায় সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা করে। মামলায় আরও ৮০ থেকে ৯০ জন অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৪ জুন) সকালে ফটিকছড়ির রোসাঙ্গিরি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আজিমনগর এলাকায় নাজিরহাট–মাইজভান্ডার সড়কে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মশাল মিছিল বের করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে থাকা ব্যক্তিরা মশাল ফেলে পালানোর চেষ্টা করে।
পরে পুলিশ ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে মো. জামান বাবু (২৩) ও সাইফুল ইসলাম (২৫) নামের দুই যুবককে গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে চারটি বাঁশের তৈরি মশাল জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠনের সভা ও মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
১৫১ বার পড়া হয়েছে