ফরিদপুরে নতুন সিভিল সার্জনের কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের নবনিযুক্ত সিভিল সার্জন ডা. এস এম মঞ্জুর এলাহিকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ ও সিভিল সার্জন কার্যালয় অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। রোববার সকালে ‘ফরিদপুর সচেতন ছাত্র সমাজ’-এর ব্যানারে একদল তরুণ কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে এই প্রতিবাদ জানান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি চালানো হয়। ‘ফরিদপুর সচেতন ছাত্র সমাজ’-এর ব্যানারে প্রায় ৩০ জনের মতো তরুণ শহরের ব্রাহ্মসমাজ সড়কের পাশে অবস্থিত কার্যালয়ে গিয়ে কর্মকর্তা ও কর্মচারীদের বের করে দিয়ে প্রধান ফটকে তালা লাগিয়ে দেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আজীবন সদস্য ডা. এস এম মঞ্জুর এলাহিকে ফরিদপুরের সিভিল সার্জন হিসেবে কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বিক্ষোভ চলাকালে তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কাজী রিয়াজ। খাইরুল ইসলাম রোমান হুঁশিয়ারি দিয়ে বলেন, ফরিদপুরে ফ্যাসিবাদ কায়েম করার উদ্দেশ্যেই মঞ্জুর এলাহিকে সিভিল সার্জন হিসেবে পাঠানো হয়েছে। এই নিয়োগ অবিলম্বে বাতিল করা না হলে ফরিদপুরে আরও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নতুন সিভিল সার্জনের যোগদানের প্রতিবাদে এবং বর্তমান সিভিল সার্জন মো. মাহমুদুল হাসানকে বহাল রাখার দাবিতে কিছু তরুণ মানববন্ধন ও বিক্ষোভের চেষ্টা করেছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করে।
বর্তমান সিভিল সার্জন মো. মাহমুদুল হাসান জানান, সকালে কিছু আন্দোলনকারী এসে অফিসের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়ায় কর্মকর্তা ও কর্মচারীরা সময়মতো কার্যালয়ে প্রবেশ করতে পারেননি। পরে পুলিশি তৎপরতায় সাড়ে ১০টার দিকে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয় এবং অফিসের কার্যক্রম শুরু হয়।
১২৯ বার পড়া হয়েছে