ঠাকুরগাঁও সীমান্তে বিজিবি-বিএসএফের বৈঠক, মরদেহ ফেরতের সম্ভাবনা
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যদিও বৈঠকটি ফলপ্রসূ হয়নি, তবে আনুষ্ঠানিকতা শেষে আজ রোববার সন্ধ্যায় নিহত ব্যক্তির মরদেহ ফেরত দেওয়া হতে পারে বলে জানা গেছে।
শনিবার ভোর রাতে পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের ভবানিপুর সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশের চেষ্টা করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে। এতে দক্ষিণ ইন্দ্রইল গ্রামের আসাদুল হক (৩৮) নামের এক বাংলাদেশি ঘটনাস্থলেই প্রাণ হারান এবং আরও দুজন গুরুতর আহত হন।
আহত মোস্তাকিম (৩২) ও শ্রী উষাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায় বিএসএফ। সেখানে কর্তব্যরত চিকিৎসক আসাদুলকে মৃত ঘোষণা করেন। এদিকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে চিকিৎসাধীন দুই বাংলাদেশিকে আটক করে কালিয়াগঞ্জ থানা পুলিশ ভারতীয় পাসপোর্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করেছে।
দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিইও) লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন জানান, সীমান্ত উত্তেজনার বিষয়টি জানতে পেরে বিজিবির পক্ষ থেকে জরুরি পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। এরই প্রেক্ষিতে রোববার সকালে দুই পক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় এবং আনুষ্ঠানিকতা শেষে আজ সন্ধ্যায় নিহত বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার জোরালো সম্ভাবনা রয়েছে।
১৪৬ বার পড়া হয়েছে