হালুয়াঘাটে গারোদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উন্নয়ন সহায়তা বিতরণ
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের হালুয়াঘাটে ক্ষুদ্রনৃগোষ্ঠী গারো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উন্নয়ন সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলার রাংড়াপাড়ায় এক অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি এবং নারীদের কর্মসংস্থানে সেলাই মেশিন বিতরণ করা হয়।
বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় রাংড়াপাড়া ক্ষুদ্রনৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠানে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি তুলে দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। একই সাথে স্বাবলম্বী হওয়ার জন্য পিছিয়ে পড়া নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিজন কান্তি সরকার বলেন, বর্তমান সরকার ক্ষুদ্রনৃগোষ্ঠীর কল্যাণ ও তাদের জীবনমান উন্নয়নে অত্যন্ত আন্তরিক। তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও স্বাতন্ত্র্য রক্ষার পাশাপাশি শিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে মূলধারার অর্থনীতিতে সম্পৃক্ত করতে বিশেষ কর্মসূচি জোরদার করা হয়েছে।
ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স তার বক্তব্যে বলেন, ধর্ম, বর্ণ ও জাতি-গোষ্ঠী নির্বিশেষে বৈষম্যহীন নতুন বাংলাদেশ পুনর্গঠনে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশকে একটি সমৃদ্ধ অবস্থানে নিয়ে যেতে সব স্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সাধারণ সম্পাদক শিশির দিও, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সুব্রত রেমা এবং এডভোকেট সুভ্রা পান্থ্রা।
১১৮ বার পড়া হয়েছে