ধর্মের নামে রাজনীতি করে দোজখের আগুন জ্বালাচ্ছে: রিজভী
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৩:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, একটি দল ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ এলাকায় দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে। ইসলামের মূল উদ্দেশ্য মানুষের সেবা করা হলেও ওই দলটি রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যস্ত বলেও মন্তব্য করেন তিনি।
রোববার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মাসকরা গ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত বিএনপির একটি পরিবারের জন্য নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে রিজভী বলেন, ‘ইসলামের মূল উদ্দেশ্য মানুষের সেবা করা। কিন্তু একটি দল ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে।’
তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর যারা আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার কথা বলেছিল, তারাই এখন ধর্মের নামে রাজনীতি করছে। তাঁর অভিযোগ, জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে এবং বর্তমানে ত্রাস ও সন্ত্রাসের রাজনীতি বেছে নিয়েছে।
রিজভী বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত মিলন পরিবারের পাঁচ সদস্যের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে একটি করে ছাগল দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সংগঠনের সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংসদ সদস্য আলহাজ রাশেদা বেগম হিরা এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হুদাসহ স্থানীয় নেতারা।
১২৩ বার পড়া হয়েছে