হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, ২ নারীসহ আটক ৬
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুলে একটি আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই নারীসহ ছয়জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার দুপুরে হোটেলটিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে হাটিকুমরুলের নিরিবিলি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন জেনজি আলোড়নের সদস্যরা তাঁদের আটক করে পুলিশকে খবর দেন।
আটক ছয়জনের মধ্যে দুই নারী রয়েছেন। তাঁদের একজন বগুড়ার মোকামতলা উপজেলার বাসিন্দা। অপর চার পুরুষ উল্লাপাড়া উপজেলার বাসিন্দা। তাঁদের মধ্যে একজন ওই আবাসিক হোটেলের ব্যবস্থাপক বলে জানা গেছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয় লোকজন ছয়জনকে আটক করে পুলিশকে খবর দেন। পরে বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে থানায় নিয়ে আসে। তাঁদের বিরুদ্ধে মামলা করে আগামীকাল আদালতে পাঠানো হবে।
জেনজি আলোড়নের সদস্য রাজিবুল, নাসিম ও আশরাফুল অভিযোগ করেন, ওই হোটেলে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে নারী-পুরুষ এনে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছিল। এ বিষয়ে এলাকাবাসী একাধিকবার হোটেল কর্তৃপক্ষকে সতর্ক করলেও তারা বিষয়টি আমলে নেয়নি।
তাঁরা আরও বলেন, রোববার দুপুরে হোটেলটিতে অনৈতিক কর্মকাণ্ড চলার খবর পেয়ে সেখানে গিয়ে দুই নারীসহ ছয়জনকে আটক করা হয়। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
১১৮ বার পড়া হয়েছে