গ্যাসক্ষেত্র অনুসন্ধানে আগ্রহী শেভরন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন বহুজাতিক জ্বালানি কোম্পানি শেভরনের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। সাক্ষাতে বাংলাদেশের পুরোনো গ্যাসক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে আগ্রহের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।
শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।
সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দেশে বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনের সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও গ্যাসের সরবরাহ বাড়ানোর ক্ষেত্রে নতুন অনুসন্ধান এবং বিদ্যমান গ্যাসক্ষেত্রের উৎপাদন সক্ষমতা বৃদ্ধিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় শেভরনের প্রতিনিধিদলের সঙ্গে বিনিয়োগের বিষয়টি নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১২৬ বার পড়া হয়েছে