ডেঙ্গু প্রতিরোধে জামালপুরে পরিচ্ছন্নতা অভিযান ও শোভাযাত্রা
শনিবার, ৬ জুন, ২০২৬ ৭:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন করে ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৬ জুন) সকালে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। শহরের ফৌজদারি মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক। পরে ২৫০ শয্যাবিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আজিজুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বাগত সাহা এবং সাংবাদিক ফজলে এলাহী মাকামসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা, ছাদ, টব, ফুলের পাত্র এবং এসির পানির ট্রে নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পরিষ্কার পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। তারা ডেঙ্গু বিস্তার রোধে ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচির অংশ হিসেবে ২৫০ শয্যাবিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতাল ও এর আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
১৯১ বার পড়া হয়েছে