সিলেটে চীনের অর্থায়নে ১ হাজার শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ৪:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিলেটে আন্তর্জাতিক মানের ১ হাজার শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে চীনা বিনিয়োগকারীরা। এ মেগা স্বাস্থ্য প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য স্থান নির্ধারণ ও প্রাথমিক সমীক্ষার অংশ হিসেবে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়েছে।
বুধবার (৩ জুন) দুপুরে স্থানীয় সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে চীনা বিনিয়োগকারী প্রতিনিধি দল কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর, হাইটেক পার্কসহ একাধিক সম্ভাব্য স্থান সরেজমিনে ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, ১ হাজার শয্যার এই আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের জন্য উপযুক্ত স্থান নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। চীনা বিনিয়োগকারীদের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা চলছে। প্রাথমিক আলোচনা ও স্থান নির্ধারণে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
তিনি আরও বলেন, এই হাসপাতাল বাস্তবায়িত হলে সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় একটি বড় ধরনের উন্নয়ন ঘটবে এবং আধুনিক চিকিৎসা সুবিধা আরও সহজলভ্য হবে।
চীনা প্রতিনিধি দলের পক্ষ থেকে ‘বাই আপ ইনভেস্টমেন্ট লিমিটেড’-এর চেয়ারম্যান স্টোয়ার্ড চিয়ং বলেন, প্রাথমিক পর্যায়ের পরিদর্শন ও সম্ভাব্যতা যাচাইয়ে তারা সন্তুষ্ট। প্রকল্পটি এগিয়ে নিতে প্রয়োজনীয় অর্থায়ন ও সহযোগিতার বিষয়ে তারা আশাবাদী।
পরিদর্শনকালে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার রাতে সিলেট সার্কিট হাউসে হাসপাতাল প্রকল্পের কারিগরি দিক ও স্থান নির্বাচন নিয়ে চীনা প্রতিনিধি দলের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
১৫৯ বার পড়া হয়েছে